টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে টানাপোড়েনের জেরে একসময় এই ম্যাচ না-ও হতে পারে বলে আলোচনা ছিল। শেষ পর্যন্ত কূটনৈতিক তৎপরতা ও বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। তবে আবহাওয়ার পূর্বাভাস নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত শনিবার থেকে কলম্বোয় বৃষ্টি না হলেও ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আমি দোয়া করি আল্লাহ যেন বৃষ্টিতে ম্যাচটা ভাসিয়ে দেন।” তাঁর বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
তবে বাসিত আলীর দাবি, তিনি পাকিস্তানের সম্ভাব্য হার এড়ানোর ভয়ে এমন মন্তব্য করেননি। বরং তার চাওয়া—দুই দলই যেন একটি করে পয়েন্ট পায়। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে সাধারণত উভয় দল সমান পয়েন্ট পায়, সেই বাস্তবতাকেই ইঙ্গিত করেছেন তিনি।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, দর্শক আগ্রহ ও বৈশ্বিক মনোযোগ। ফলে এই হাইভোল্টেজ লড়াই মাঠে গড়াবে নাকি বৃষ্টিতে ভেসে যাবে—তা নিয়েই এখন ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা।