ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকার। সকালে নবনির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করবেন এবং বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। এরপর বিকেলে নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেবেন।
নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার থেকেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে তিনি সচিবালয়ে অফিস করবেন বলে মন্ত্রিপরিষদ সূত্র নিশ্চিত করেছে।

সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন।
সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়ে মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক।
মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, এ বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।নতুন সরকারের প্রথম কার্যদিবসেই প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে কাজের দিকনির্দেশনা স্পষ্ট করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।