নতুন সরকারের মন্ত্রিসভার আকার প্রায় ৫০ জনের হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়ে ফোন দেওয়া শুরু হয়েছে।
শপথ অনুষ্ঠানে মন্ত্রীদের আনা-নেওয়ার জন্য ৪৯টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। এর মাধ্যমে সম্ভাব্য সদস্যসংখ্যা ৫০-এর কাছাকাছি থাকার ইঙ্গিত মিলছে।

বেলা সাড়ে ১১টার দিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য মিলন ২০০১ সালে খালেদা জিয়া সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছেন।
এর আগে সকালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা দলীয় চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে শপথ গ্রহণ করেন। তবে তারা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন; সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা ও দায়িত্ব বণ্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিকেলের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে নতুন সরকার।