ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এদিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। এরপর বিকেলে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ।
জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিজয়ী দলের নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই আমন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের শপথ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রচলিত রীতি অনুযায়ী বঙ্গভবনে নয়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ইতোমধ্যে অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ও প্রটোকল সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়েছে। দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি নিশ্চিত করতে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বিএনপি নেতৃত্বাধীন জোট। ফল ঘোষণার পর থেকেই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তারা আনুষ্ঠানিকভাবে দেশের দায়িত্ব গ্রহণ করবে। শপথ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে এবং নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হবে।
রাজনৈতিক অঙ্গনে নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়ছে উৎসাহ ও কৌতূহল। ঐতিহাসিক এই আয়োজন ঘিরে রাজধানীজুড়ে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।