নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। জননিরাপত্তা ও যানজট এড়াতে অনুষ্ঠান চলাকালে কয়েকটি সড়কে যান চলাচল সীমিত রাখা হবে।
নির্দেশনা অনুযায়ী, খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
সাময়িক এই নিয়ন্ত্রণের কারণে নাগরিকদের ভোগান্তি কমাতে ট্রাফিক বিভাগ বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
বিকল্প পথসমূহ
- মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট বা সোনারগাঁও হোটেলমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটে যেতে পারবে।
- ধানমন্ডি ২৭ এলাকা থেকে আসা যানবাহন আসাদগেট হয়ে প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি দিয়ে ফার্মগেটমুখী চলাচল করবে।
- আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর), প্রতিরক্ষা গ্যাপ ও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বিজয় সরণি ব্যবহার করতে পারবে।
- এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিমুখী যানবাহন খেজুরবাগান ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও আসাদগেট হয়ে ধানমন্ডিতে প্রবেশ করবে।
- মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড প্রত্যাহারের পর মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর) ও আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করতে পারবে।
এ ছাড়া যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
নাগরিকদের নির্ধারিত বিকল্প পথ অনুসরণ এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।