রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঢাকায় অবতরণ করবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মেডিক্যাল টিমের প্রস্তুতি ও মূল্যায়নের ওপর নির্ভর করে এই সময়সূচিতে সামান্য পরিবর্তনও হতে পারে। এয়ার অ্যাম্বুলেন্সটির রাত ৯টার দিকে ঢাকা ত্যাগের পরিকল্পনা রয়েছে।
কাতারের পৃষ্ঠপোষকতায় এয়ার অ্যাম্বুলেন্স
জানা গেছে, কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগেও এ বছরের ৭ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে—সেখানে লন্ডন ক্লিনিকে চার মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন ৫ মে।
মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে যুক্ত রয়েছেন লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তাব থাকলেও তার শারীরিক অবস্থা বিবেচনায় এখনো চূড়ান্ত মত দেয়নি বোর্ড। গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই তাকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এয়ার অ্যাম্বুলেন্সের আগমন ও সম্ভাব্য রওনা—সবকিছুই এখন নির্ভর করছে মেডিক্যাল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।