ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নতুন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। বিকেলে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে।
দলীয় ও মন্ত্রিপরিষদ সূত্র জানায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব আবারও তাঁর হাতেই যাচ্ছে। এর আগে খালেদা জিয়া সরকারের আমলে তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক পথচলা
বিএনপি প্রতিষ্ঠার পরপরই জিয়াউর রহমান-এর আহ্বানে দলে যোগ দেন মির্জা আব্বাস। তিনি দলটির প্রথমদিককার নেতাদের একজন হিসেবে পরিচিত। ১৯৮০-এর দশকে হুসেইন মুহম্মদ এরশাদ-এর শাসনামলে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং ১৯৯০-এর গণআন্দোলনে সংগঠক হিসেবে কাজ করেন।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একই বছর স্বল্প সময়ের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন-এর মেয়র হিসেবে দায়িত্ব নেন এবং ১৯৯৩ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালের বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদে তিনি ভূমিমন্ত্রী ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে একই বছরের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মেয়াদকালেই ২০০৬ সালে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনী আইন পাস হয়।
২০০৮ সালে মামলার কারণে এবং ২০১৪ সালে দলীয় সিদ্ধান্তে নির্বাচনে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলেও এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জয়ী হয়ে আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রে ফিরলেন তিনি।
নতুন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে রাজধানীর অবকাঠামো উন্নয়ন ও নগর ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।