বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক আখ্যা দিয়ে প্রশংসা করেছে জাপান সরকার। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় টোকিওর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে জাপান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকাস্থ জাপান দূতাবাস থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন হয়েছে, যা গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এ প্রক্রিয়ার সফল সমাপ্তিকে জাপান গভীরভাবে মূল্যায়ন করছে।

বিবৃতিতে সব রাজনৈতিক দল ও তাদের নেতাদের অভিনন্দন জানানো হলেও বিশেষভাবে বিএনপি ও তারেক রহমানের নির্বাচনী সাফল্যের কথা উল্লেখ করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে এটিকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
জাপান সরকার আশা প্রকাশ করেছে, নতুন সরকার গঠনের প্রক্রিয়া শান্তিপূর্ণ ও মসৃণভাবে সম্পন্ন হবে। পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী ও গতিশীল করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও কৌশলগত নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের দীর্ঘমেয়াদি সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্থিতিশীলতা ও অগ্রগতিতে জাপানের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ায় জাপানের এই অভিনন্দন বার্তা বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক সমর্থন হিসেবে বিবেচিত হচ্ছে।