ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছার নিদর্শন হিসেবে তিনি ফুল ও মিষ্টি পাঠিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান। এ সময় কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “বাংলাদেশের সব ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে সুসম্পর্ক অব্যাহত থাকবে—এটাই তার প্রত্যাশা।
বিএনপির পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তাকে দুই প্রতিবেশী অঞ্চলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকার গঠনের প্রাক্কালে এ ধরনের শুভেচ্ছা বার্তা আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে।